বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

সকালে সংঘাত, সন্ধ্যায় যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান ও আফগানিস্তান

  • প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ২:১৩ পূর্বাহ্ণ | আপডেট: ৮ মাস আগে
ভোরবেলা ব্যাপক সংঘর্ষে জড়ায় পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সৈন্যরা। এতে উভয় পক্ষের বেসামরিক-সামরিক মিলে দুই ডজনেরও বেশি নিহত হয়েছেন। তবে, দিন শেষ হতে না হতে সন্ধ্যায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কাবুল ও ইসলামাবাদ।
বুধবার (১৫ অক্টোবর) যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়টি নিশ্চিত করেছে ইসলামাবাদ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তান এবং আফগান তালেবান প্রশাসন বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ৪৮ ঘন্টার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জটিল কিন্তু সমাধানযোগ্য এই সমস্যার ইতিবাচক সমাধান খুঁজে বের করার জন্য পাকিস্তান এবং আফগানিস্তান উভয়ই আলোচনার মাধ্যমে আন্তরিক প্রচেষ্টা চালাবে।
এর আগে আজ ভোরের দিকে এই সংঘাত নতুন  রুপ শুরু হয়। গত সপ্তাহের প্রাণঘাতী সংঘর্ষের পর নতুন এই সহিংসতায় দুই দেশের সীমান্তের ভঙ্গুর শান্তি আবারও ভেস্তে গেছে বলে ধারণা করা হচ্ছিল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর দুই দেশের সামরিক বাহিনীর সদস্যদের মাঝে সবচেয়ে ভয়াবহ লড়াই হয়েছে গত সপ্তাহে। যদিও ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্তজুড়ে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মাঝে এই ধরনের সংঘর্ষের ঘটনা নিয়মিতই ঘটে।
আফগান তালেবান সরকার জানায়, বুধবার ভোরের দিকে পাকিস্তানের সামরিক বাহিনী স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। এতে ২০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় সীমান্তে রাতভর সংঘর্ষে আফগানিস্তানের আরও প্রায় ৩০ জন বেসামরিক নিহত ও শতাধিক আহত হয়েছেন।
পাকিস্তান জানায়, সীমান্তের অপর প্রান্তে স্পিন বোলদাকের বিপরীতে অবস্থিত চামান জেলায় ‌তালেবান বাহিনীর হামলায় পাকিস্তানের চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...