মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

লংগদু মাইনীমুখ বাজারে ঈদকে সামনে রেখে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২জন ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: ১৮ মে ২০২৬, ২:০৭ অপরাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে
​মঞ্জুরুল ইসলাম লিটন লংগদু প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা (কুরবানির ঈদ) উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র মাইনীমুখ বাজারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানে আইন অমান্য ও দোকান অপরিচ্ছন্ন রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ মে) বেলা ১১টায় মাইনীমুখ বাজারে এই অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।
​আদালত সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখা, মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা, বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং দূরপাল্লার যাত্রীদের যাতায়াত সেবা নির্বিঘ্ন করতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বিধিমালা অমান্য করা এবং নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে বাজারের দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন জানান, সামনে কুরবানি ঈদের সুযোগ নিয়ে কেউ যেন বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে কিংবা সাধারণ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য হাতিয়ে নিতে না পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে তদারকি জোরদার করা হয়েছে।
​তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের স্বার্থে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের এই ধরণের অভিযান ও নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...