রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

স্পেনে মার্কিন দূতাবাসের ২ কর্মী বহিষ্কার

  • প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩, ৪:০০ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

গোপন তথ্য পেতেগোয়েন্দা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে মার্কিন দূতাবাসের দুই কর্মীকে বহিষ্কার করেছে স্পেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে একটি অভিযোগও দায়ের করেছে স্পেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্পেনের পত্রিকা এল পাইস এ খবর প্রকাশ করেছে।

এল পাইসের প্রতিবেদনে বলা হয়, মাদ্রিদে মার্কিন দূতাবাসের দুই কর্মীর কাছে বড় অংকের অর্থের বিনিময়ে গোপন তথ্য দিয়েছেন গোয়েন্দা সংস্থার দুই কর্মকর্তা। তদন্তে এ ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর মার্কিন দূতাবাসের ওই দুই কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

এল পাইস জানিয়েছে, গোয়েন্দা সংস্থা সিএনআই-এর একটি এলাকার প্রধান এবং তার সহকারীকে দুই মাস আগে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু আদালত তাদের মামলাটি গোপন রাখার নির্দেশ দেয়। তাদের বিরুদ্ধে তদন্তের পর দেখা যায়, মার্কিন দূতাবাসের কর্মকর্তারা গোপন তথ্যের বিনিময়ে তাদের ঘুষ দিয়েছেন। এ ঘটনার প্রমাণ নিয়ে স্পেন সরকার মাদ্রিদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলিসা রেইনোসোকে তলব করে। তবে মার্কিন রাষ্ট্রদূত এ ঘটনার সঙ্গে তার নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না বলেও দাবি করেন।

এল পাইসের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মার্কিন দূতাবাসের কমপক্ষে দুইজন এজেন্টকে বহিষ্কার করে স্পেন।

এ ঘটনাকে একটি প্রকাশ্য শত্রুতামূলক কাজ বলে অভিহিত করা হয় এল পাইসের প্রতিবেদনে। এতে বলা হয়, একটি দেশের গোয়েন্দা সংস্থা থেকে এজেন্ট নিয়োগের চেষ্টা শত্রুরা করে থাকে, এটি কোনো বন্ধু বা মিত্র দেশের জন্য উপযুক্ত কাজ নয়।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনা সম্পর্কে দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। তবে এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস স্বীকার করেছেন, তার দেশের গোয়েন্দা সংস্থা সিএনআই-এর অনিয়মিত কর্মকাণ্ড নিয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত চলছে। স্পেন মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অভিযোগ দায়ের করেছে। তবে ঘটনাটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কোনো ক্ষতি করবে না বলে মনে করেন তিনি।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধু, মিত্র এবং অংশীদার। যখন এমন কিছু সমস্যা আছে যা আমাদের প্রভাবিত করতে পারে, সেগুলো নিয়ে আলোচনা হয় এবং মোকাবিলা করা হয়। কিন্তু কোনোভাবেই এটি আমাদের সম্পর্ককে প্রভাবিত করে না।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...