রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বান্দরবান আইনজীবি ভবনে প্রতারকের খপ্পরে -সচেতন হউন

  • প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ৩:০৫ পূর্বাহ্ণ | আপডেট: ১ দিন আগে
সন্ধ্যার ঠিক আগে ম্যাজিস্ট্রেট কোর্ট হতে বাসায় ফেরার সময় রাইটার শেডে এক মহিলা কোলে ৫ মাসের একটা কন্যা শিশু সন্তান নিয়ে বুক চাপড়িয়ে কান্না করতে দেখে কাছে গিয়ে কারণ জিজ্ঞাসা করতেই মেয়েটি জানালো যে, ৪/৫ দিন আগে গ্রেফতার হওয়া তার স্বামীর জামিনের জন্য একজন আইনজীবীর স্মরনাপন্ন হতে আদালতে এসে সেই আইনজীবীর খোঁজ করার সময় এক যুবক নিজেকে উক্ত আইনজীবীর সহকারী পরিচয় দিয়ে প্রথমে নগদ ৫০০০/- টাকা নিয়ে মেয়েটাকে একটা জায়গায় বসিয়ে রেখে দুপুর পার হতেই তার স্বামীর জামিন হয়েছে বলে আরো ৫০০০/- টাকা নিয়ে ফেলে। এরপর মেয়েটিকে বসিয়ে রেখে তার স্বামীকে জেল হতে ছাড়িয়ে আনতে যাচ্ছে বলে চলে যায়। তখন হতে মেয়েটি না খেয়ে স্বামীর জন্য অপেক্ষা করছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলেছে এখনও তার স্বামী বা সেই যুবকের দেখা না পেয়ে যুবকের দেয়া নাম্বারে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যাচ্ছে।
আমি উকিলের নাম বা তার চেম্বার চিনে কিনা? জিজ্ঞাসা করতেই মেয়েটি নেতিবাচক উত্তর দিতেই বুঝতে পারলাম, মেয়েটি প্রতারকের পাল্লায় পড়েছে। আমিও যুবকের নাম্বার ট্রুকলারে ডায়াল করে দেখলাম। সম্পূর্ণ অপরিচিত নাম্বার।
প্রতিদিন অনেক অসহায়, স্বল্প শিক্ষিত, সহজ সরল লোকজন আদালতে আসে বা আসতে বাধ্য হয়। এসব মানুষ আইন কানুন সম্পর্কে অজ্ঞ এবং অসহায় অবস্থায় অনেকের মিথ্যে প্রতিশ্রুতি পেয়ে সরল বিশ্বাসে আর্থিক লেনদেন করে প্রতারণার শিকার হন। তাদের উদ্দেশ্যেই আজকের এই পরামর্শমূলক লেখা…..
👉 পরামর্শসমূহ : 👈
➡️ যেকোন আইনগত সমস্যায় সরাসরি বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলুন। তাঁর চেম্বারের ঠিকানা জেনে নিন। পরামর্শ শুনে পছন্দ হলে নিশ্চিত হয়ে আর্থিক লেনদেন করুন। আকস্মিক প্রয়োজন হলে আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির অফিসে গিয়ে কাঙ্ক্ষিত বিজ্ঞ আইনজীবীর বিষয়ে নিশ্চিত হয়েই পরামর্শ গ্রহন এবং অন্যান্য লেনদেন সম্পাদন করুন।
➡️ আইনজীবী সহকারীদের সমিতি কর্তৃক আইডি কার্ড প্রদান করা হয়েছে। আদালত চলাকালীন সময়ে তা বাধ্যতামূলকভাবে গলায় ঝুলাতে হবে। তাই আইনজীবী সহকারী পরিচয়দানকারীর পরিচয়পত্র দেখে নিশ্চিত হয়েই যাবতীয় কার্যক্রম সম্পাদন করবেন।
➡️ প্রত্যেক বিজ্ঞ আইনজীবীর একজন আইনজীবী সহকারী থাকবেন এবং প্রত্যেক আইনজীবী সহকারীর একজন নিয়োগদানকারী বিজ্ঞ আইনজীবী থাকবেন। একজন বিজ্ঞ আইনজীবীর একটা চেম্বার কিংবা সুনির্দিষ্ট ঠিকানা থাকবে। আইনজীবী নিয়োগের আগে এই বিষয়গুলো জেনে, নিশ্চিত হয়েই আইনজীবী নিয়োগ করবেন। বিজ্ঞ আইনজীবীদের মধ্যে যাঁদের চেম্বার নেই তারা সাধারণত সমিতির হলরুম ব্যবহার করেন। সেক্ষেত্রে সমিতির কর্মচারী বা অন্য কোন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে পরিচয় নিশ্চিত করেই লেনদেন করুন। সেক্ষেত্রে অজ্ঞাত বা অপরিচিত কারোর দ্বারা প্রতারিত হবার সম্ভাবনা নাই।
➡️ অনেকেই বিজ্ঞ আইনজীবী এবং শিক্ষানবিশ আইনজীবী, আইনজীবী সহকারীর মধ্যে পার্থক্য বুঝেননা। এলাকার ছেলে কিংবা পরিচিত কেউ আদালতে কাজ করে, শুধুমাত্র এই পরিচয়ের ফলে শিক্ষানবিশ আইনজীবী কিংবা আইনজীবী সহকারীর নিকট হতে পরামর্শ গ্রহণ করেন। সেটাও অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। তাই পরামর্শ সবসময়ই বিজ্ঞ আইনজীবী হতে গ্রহন করুন এবং বিজ্ঞ আইনজীবীর অজ্ঞাতসারে কারোর সাথে কোনপ্রকার লেনদেন করবেন না।
📸 ছবি : 📸
বান্দরবান জেলায় বর্তমানে যেসকল আইনজীবী কর্মরত রয়েছেন তাঁদের তালিকা সকলের জ্ঞাতার্থে দেয়া হলো। এই তালিকায় সকল বিজ্ঞ আইনজীবীদের নাম, মোবাইল নাম্বার দেয়া আছে। আরেকটা জিনিস দেয়া আছে, তা হলো আইনজীবী হিসেবে তালিকাভুক্তির তারিখ। এই তারিখের উপর নির্ভর করে কে, কত বেশি অভিজ্ঞ। অর্থাৎ যিনি যত আগে তালিকাভুক্ত হয়েছেন, তিনি তত বেশী এ পেশায় অভিজ্ঞ। অনেকে বুড়ো বয়সেও এই পেশায় আসেন। তাঁদের বয়স কিংবা পাকা চুল-দাড়ি দেখে অধিক অভিজ্ঞ আইনজীবী মনে করার কোন কারণ নাই। সংগ্রহ

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...