নিজস্ব প্রতিবেদক:- যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেয়া হয়, তা হলে পরে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সে নির্বাচন জনগন গ্রহণ করবে না। তাড়াহুড়ার কিছু নাই, আগে প্রয়োজনীয় সংস্কার করে, তারপর নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
১০ ফেব্রয়ারী সোমবার বিকেলে রাঙামাটি শহরের পৌরসভা চত্ত্বরে অনুষ্ঠিত সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষে গণ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পার্বত্য শান্তিচুক্তি করা ভুল ছিলো। একই সাথে পার্বত্য এলাকায় বিদ্যমান সকল কোটা বাতিলের দাবি জানিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সকল নিয়োগ সম্পন্ন করার দাবি করেন তিনি।
পাহাড়ে সকলের ভূমি বসবাসের অধিকার দাবি করে তিনি বলেন, এখানে বাঙালি-পাহাড়ি কোন ভেদাভেদ থাকবে না। পাহাড়ের নিরাপত্তা বাড়াতে সীমান্তে সড়ক দ্রুত শেষ করতে হবে। দেশের এক ইঞ্চিও মাটিও কাউকে দখল করতে দিবো না। দখল করতে চাইলে রক্ত দিয়ে তা প্রতিহত করবো।
উল্লেখ্য তার আগে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ইসলামী আন্দোলনে সমাবেশে যোগদান করে নেতা কমীরা ।#