নিজস্ব প্রতিবেদক:- রাঙামাটিতে মহিলা দলের ৫ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পার্বত্য রাঙামাটি শহরের প্রায় ৫শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক, সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ান। রাঙামাটি জেলা মহিলাদলের সভানেত্রী নূর জাহান বেগম পারুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু নাছির, জহির আহমেদ সওদাগর, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ ২৯৯নং আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেত্রী মৈত্রী চাকমা প্রমুখ। জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বাবলি ইয়াসমিন ও পৌর মহিলাদলের সভানেত্রী রোজি আক্তারসহ জেলা বিএনপি, মহিলা দল এবং বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে হয়ত বাংলাদেশ স্বাধীন হতো না। তিনিই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের পরিবারের প্রতি আমরা ঋণী। জিয়াউর রহমানের জন্ম না হলে আজ বাংলাদেশ নামক রাষ্ট্রে গণতন্ত্রের বিকাশ ঘটতো না। গণতন্ত্র নামক শান্তির বাহক জিয়াউর রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে জনমানুষ তথা দেশের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। দেশের চলমান চরম শীতের এই সময়ে পাহাড়ের শীতার্ত মানুষজনের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন ।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের দুইদিন পর রাঙামাটি ফিরে এসে ২৮ জানুয়ারি মহিলা দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আবারো রাজনীতিতে সক্রিয় হলেন সাবেক সফল মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্রো। মঙ্গলবার সকালে কাঠালতলস্থী দলীয় কার্যালয়ের সামনে জেলা মহিলা দলের আয়োজনে এই শীতবস্ত্র শীতার্ত মানুষের মাঝে তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু নাছের, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ, জেলা মহিলা দলের সভানেত্রী নূর জাহান বেগম পারুলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এসময় প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেয়া হয় বলে জানিয়েছেন মহিলা দলের নেত্রীরা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে সরাসরি রাঙামাটি আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদার,সাবেক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমাসহ দলটির দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে নানান দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনেন তিনি। একইসাথে নিজ দলের নেতাদের সতর্ক করে দেন, একই পরিণতি যেনো ভোগ করতে না হয়। এসময় মঞ্চে আলো ছড়িয়েছেন ভূট্টোর সাম্প্রতিক সময়ের স্থানীয় রাজনৈতিক অভিভাবক এ্যাভোকেট দীপেন দেওয়ান ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য প্রার্থী, মৈত্রী চাকমা। একই মঞ্চে ভূট্টো-দীপেন-মৈত্রী চাকমার উপস্থিতি বেশ অনেকদিন পরই ! তবে ব্যানারে নাম থাকলেও রাঙামাটি না থাকায় উপস্থিত ছিলেন না আরেক প্রভাবশালী নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির। আর দেশে না থাকায় স্বভাবতই ছিলেন না জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। ব্যানারে বা মঞ্চে, কোথাও ছিলেন না, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। তবে ভারপ্রাপ্ত সভাপতি আবু নাছির ও সাধারন সম্পাদক মামুনুর রশীদের উপস্থিতির কারণে অনুষ্ঠানের সার্বজনীন চিত্র চোখে পড়ছে।