নিজস্ব প্রতিনিধিঃ জ্বালানি তেলের সংকটের কারণে বিলাইছড়ি- রাঙ্গামাটি লাইনের লঞ্চ চলাচলে ব্যাহত, এতে সাধারণ জনগণের দূর্ভোগ বেড়েছে।
আজকে সকালে বিলাইছড়ি থেকে রাঙ্গামাটিতে যাত্রীবাহী লঞ্চ যেতে পারলেও রাঙ্গামাটি থেকে সকাল ৭:৩০ টার লঞ্চ বিলাইছড়িতে আসতে না পারায় বিলাইছড়ি থেকে ২:০০ টার লঞ্চও বন্ধ। এছাড়া গতকাল ও বুধবার সকালেও বিলাইছড়ি থেকে নিয়মিত লাইনের রাঙ্গামাটির যাত্রীবাহী লঞ্চটি যেতে পারেনি।
শুক্রবার (১৩ মার্চ) সরেজমিনে লঞ্চ ঘাটে গিয়ে দেখা যায়, বিলাইছড়ি—রাঙ্গামাটি লাইনের প্রতিদিনের ৭:৩০ টার লঞ্চ ঘাট ছেড়ে যেতে পারেনি। এতে দূর—দূরান্ত থেকে আসা যাত্রীরা দুভোর্গে পড়ে। পরে বাধ্য হয়ে অনেকে কাপ্তাই হয়ে রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশ্যে বিলাইছড়ি ছাড়ে। এদিকে রাঙ্গামাটি থেকেও ২:০০ টার লঞ্চ বন্ধ থাকায় ভোগান্তিতে পরে যাত্রীরা।
একাধিক বোরো ধান চাষী জানান, তারা তেলের অভাবে ঠিকমত সেচ দিতে পারছেনা। এভাবে হলে ধানগাছগুলো মরে যাবে। এদিকে একইভাবে উপজেলায় অকটেনের সরবরাহও না থাকায় ভাড়াটে মোটর সাইকেলগুলো ঠিকমত চলাচল করতে পারছেনা। এতে যাত্রীরা যেমন ভোগান্তিতে পরছে, তেমনি মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করা পরিবারগুলোও সংসার চালাতে হিমশিম খাচ্ছে।
এসময় প্রবীর তঞ্চঙ্গ্যা নামে একজন যাত্রী জানান, আজকে সকালে তেল না থাকায় বিলাইছড়ি থেকে রাঙ্গামাটির লঞ্চ যেতে পারেনি। এজন্য রাঙ্গামাটি যেতে পারতেছিনা। তিনি এই ভোগান্তির দ্রুত সমাধানের কামনা করেন।
বিলাইছড়ি—রাঙ্গামাটি লাইনের বোট ড্রাইভার সোহেল জানান, আমাদের দৈনিক আসা—যাওয়া কমপক্ষে ৩৫ লিটার ডিজেল প্রয়োজন। বিলাইছড়িতে কয়েকদিন হলো তেল পাওয়া যাচ্ছেনা। রাঙ্গামাটি থেকেও ডিজেলের ব্যবস্থা করতে না পারায় আজকে রাঙ্গামাটিতে লঞ্চ যেতে পারিনি। এতে রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশ্যে আসা যাত্রীরা দূভোর্গে পরে। তিনি আরও জানান, গত বুধবারও একইভাবে তেল না থাকা সেদিনও বোট যেতে পারেনি।
বিলাইছড়ি—কাপ্তাই লাইনের লাইন ম্যান সাগর চাকমা জানান, কয়েকদিন হলো বিলাইছড়িতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। আজকে সকালে রাঙ্গামাটির বোটও যেতে পারেনি। তিনি জানান, বিলাইছড়ি থেকে কাপ্তাই প্রতিদিন ৩টি করে বোট যায়। তাই লাইন টিকে রাখা অসম্ভব হয়ে পরেছে। তিনি আরও বলেন, বিশেষ করে প্রতিদিনের যাত্রীবাহী বোট ও ইমার্জেন্সী রোগীদের ক্ষেত্রে হলেও অন্ততত তেলের ব্যবস্থা করা যেত। তিনি এই সমস্যার দ্রুত সমাধানের কামনা করেন।
রাঙ্গামাটি থেকে আসা যাত্রীবাহী লঞ্চ ড্রাইভার মোঃ সবুজ জানান, তেল পেতে অনেক বেগ পেতে হচ্ছে। ২/৩ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। তিনি জানান, আজকে বিলাইছড়িতে আসা তেলটা বনরুপা থেকে ৩ জন লাইনে দাঁড়িয়ে ১০ লিটার করে পেয়েছি।
বিলাইছড়ির ইঞ্জিন বোট ড্রাইভার মো: সুজন ও মনোরঞ্জন চাকমা জানান, বিলাইছড়িতে তেল সংকটের কারণে তারা নিয়মিত বোট চালাতে পারছেনা। এভাবে চলতে থাকলে তাদের পরিবার না খেয়ে মরবে। কারণ তারা বোট দিয়ে জীবিকা নিবার্হ করে।
বিলাইছড়ি বাজারের দোকানদার রনজিৎ, প্রিয়নন্দ বড়–য়াসহ একাধিকজন জানান, তারা ৪/৫ দিন হলো তেল বিক্রি করতে পারছেনা। ক্রেতারা এসে হতাশ হয়ে ফেরত যাচ্ছে। রাঙ্গামাটিতে যোগাযোগ করেও সমাধান মিলছেনা।
উল্লেখ্য, বিলাইছড়ি থেকে প্রতিদিন সকাল ৭:৩০ মিনিট সময় যে বোটটি রাঙ্গামাটি যায়, সেটি আবার রাঙ্গামাটি থেকে ২:০০ টার সময় ছাড়ে। এবং বিলাইছড়ি থেকে ৮:৩০ মিনিটে যে বোটটি রাঙ্গামাটি যায়, সেটি রাঙ্গামাটি থেকে ৩:০০ টার সময় ছাড়ে। আবার রাঙ্গামাটি থেকে সকাল ৭:৩০ মিনিটে যে বোটটি ছেড়ে বিলাইছড়িতে আসে, সেটি আবার বিলাইছড়ি থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে ২:০০ টার সময় ছাড়ে। অর্থাৎ মোট ৩টি বোট আসা-যাওয়া করে।