নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটির সাজেকে জেএসএস ও ইপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনায় খাগড়াছড়ি ফিরতে পারেননি প্রায় চার শতাধিক পর্যটক। এ ঘটনার পর পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় বুধবার (৪ ডিসেম্বর) সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। মমঙ্গলবার (৩ ডিসেম্বর) রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জোবাইদা আক্তারের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
খাগড়াছড়ির জিপগাড়ির এক লাইনম্যান জানান, মঙ্গলবার সকালে প্রায় চার শতাধিক পর্যটক নিয়ে খাগড়াছড়ি থেকে ২৫-৩০টি গাড়ি সাজেক গিয়েছে। কিন্তু সেখানে দুই আঞ্চলিক দলের মধ্যে গত কয়েকদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছে। তাই পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকালে কোনো গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ি আসেনি।
জানা গেছে, সাজেক ও মাচালংয়ের ৭ নম্বর ওয়ার্ডের শীপপাড়া নামক এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। যা পর্যটন কেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এ কারণে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক ছেড়ে যায়নি। রাতে প্রায় চার শতাধিক পর্যটক সাজেক অবস্থান করছেন।
এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুই আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনার কারণেই এমন আদেশ দেওয়া হয়। পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেয়া হবে। আটকে পড়া পর্যটকদের নিরাপদে বুধবার ফিরিয়ে আনা হবে।
কয়েকদিন ধরে সাজেক ও মাচালং এলাকায় জেএসএস ও প্রসীত গ্রুপ ইপিডিএফ দলের মধ্যকার দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য ২৭ বছর পা:চুক্তির উদযাপন একদিন পরে এই গোলাগুলির পাহাড়ের বসবাসরত জনগণের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়েছে।