সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ চলমান থাকলেও এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তবে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে, সে বিষয়ে কোনও সুনির্দিষ্ট কিছু বলেননি মন্ত্রী ।
সোমবার (২৯ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আজকেও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে, এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এ মূহুর্তে সেই পরিস্থিতি তো নেই। আপনারা (সাংবাদিক) যেমনটি বলছেন কয়েকজন নেমেছে, কয়জন নেমেছে সে বা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারব।
মন্ত্রীসভার বৈঠকে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে এ ব্যাপারে মহিবুল হাসান চৌধুরী বলেন, এটি নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। কেবিনেটে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না।
মন্ত্রণালয়ের সূত্রমতে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডা. কামাল আবদুল নাসের চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ম. আখতারুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব ডা. মো. নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা প্রমুখ।