রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র

  • প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ | আপডেট: ১ ঘন্টা আগে

 

মো নাজিম আলী :
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে শনিবার ১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিদ্যালয়ের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষা উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় বিদ্যালয়ের একটি কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। নির্জন এলাকায় স্কুলটি অবস্থিত হওয়ায় এবং সন্ধ্যার অন্ধকার থাকায় শুরুতে আগুন নেভাতে বেগ পেতে হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
প্রাথমিক তথ্যানুযায়ী, আগুনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষসহ কয়েকটি ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্কুলের মূল্যবান আসবাবপত্র, কম্পিউটার এবং শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কিছু তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, এই অগ্নিকাণ্ড বিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি করেছে। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...