বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জার্মানিতে সিনেমাটিক স্টাইলে ব্যাংকের ভল্ট ভেঙে ৩ কোটি ইউরো লুট

  • প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ | আপডেট: ৫ মাস আগে

ক্রিসমাসের ছুটির সুযোগ নিয়ে জার্মানির একটি ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি চালিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। শিল্পকারখানায় ব্যবহৃত ভারী ড্রিলিং যন্ত্র দিয়ে ভল্টের দেয়াল কেটে তারা প্রায় ৩ কোটি ইউরো মূল্যের অর্থ, স্বর্ণ ও গয়না লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।

গত শনিবার জার্মানির গেলজেনকির্শেন শহরের একটি স্পারকাসে (Sparkasse) ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডাকাতরা ভল্টের শক্তিশালী দেয়ালে নিখুঁতভাবে গোলাকার একটি ছিদ্র করে ভেতরে ঢোকে।

ধারণা করা হচ্ছে, উৎসবকালীন বন্ধের সুযোগ নিয়ে তারা পুরো সপ্তাহান্তজুড়ে ভল্টের ভেতর অবস্থান করে সেফ ডিপোজিট বক্সগুলো ভেঙে মালামাল সরিয়ে নেয়।

এই ডাকাতিতে প্রায় ৩ হাজার সেফ ডিপোজিট বক্স ভাঙা হয়েছে। এর মধ্যে থাকা নগদ অর্থ, স্বর্ণ ও মূল্যবান গয়নার মোট ক্ষতি আনুমানিক ৩ কোটি ইউরো (প্রায় ২৬ মিলিয়ন পাউন্ড) বলে পুলিশ ধারণা করছে।

পুলিশের এক মুখপাত্র বলেন, ডাকাতিটি “অত্যন্ত পেশাদারভাবে” করা হয়েছে এবং এর সঙ্গে হলিউডের ‘ওশানস ইলেভেন’ চলচ্চিত্রের তুলনা টানেন। তার ভাষায়, ‘এ ধরনের অপরাধ সংগঠিত করতে বিপুল পূর্বজ্ঞান ও অপরাধী শক্তি প্রয়োজন।’

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালালেও কোনো ভাঙচুরের চিহ্ন না পেয়ে ফিরে যায়। পরে এই ব্যর্থতা নিয়ে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়। পরবর্তীতে সোমবার ভোর প্রায় ৪টার দিকে দ্বিতীয়বার অ্যালার্ম বাজলে পূর্ণাঙ্গ তল্লাশি চালানো হয়। তখনই বেজমেন্ট থেকে ভল্টে ঢোকার একটি বড় ছিদ্র ধরা পড়ে। পুলিশ জানায়, এ কাজে ব্যবহৃত ড্রিল সাধারণ হার্ডওয়্যার দোকানে পাওয়া যায় না।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে পাশের একটি বহুতল পার্কিংয়ে কয়েকজনকে বড় ব্যাগ বহন করতে দেখা গেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, সোমবার ভোরে একটি কালো অডি গাড়ি পার্কিং এলাকা ছাড়ে। গাড়িটিতে মুখোশধারী লোকজন ছিল এবং ব্যবহৃত নম্বরপ্লেটটি আগেই হ্যানোভার থেকে চুরি করা হয়েছিল।

ভল্টে মোট প্রায় ৩,৩০০টি সেফ ডিপোজিট বক্স ছিল, যার প্রায় ৯০ শতাংশ ভাঙা হয়েছে। প্রতিটি বক্সের সর্বোচ্চ বিমা মূল্য ছিল ১০,৩০০ ইউরো। তবে বহু গ্রাহক পুলিশকে জানিয়েছেন, তাদের প্রকৃত ক্ষতি বিমাকৃত টাকার চেয়ে অনেক বেশি।

এই ডাকাতির সঙ্গে ২০১৫ সালে লন্ডনের বিখ্যাত হ্যাটন গার্ডেন ডাকাতির তুলনা করা হচ্ছে, যেখানে প্রবীণ অপরাধীরা ভল্টের দেয়াল ড্রিল করে কোটি কোটি টাকার সম্পদ লুট করেছিল— যার বড় অংশ আজও উদ্ধার হয়নি।

সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে এমন বড় ধরনের ডাকাতির ঘটনা বেড়েছে। ২০১৯ সালে ড্রেসডেনের গ্রিন ভল্ট জাদুঘর থেকে স্যাক্সনির রাজমুকুটসহ প্রায় ১০ কোটি ইউরোর সম্পদ চুরি হয়। তার আগের বছর বার্লিনের একটি জাদুঘর থেকে রানী এলিজাবেথের ছবি খোদাই করা বিশাল স্বর্ণমুদ্রা লুট করা হয়। এসব ঘটনার পেছনে প্রভাবশালী অপরাধী চক্রের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছিল। সূত্র: দ্য টেলিগ্রাফ

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...