হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের ইপিজেডসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড তদন্তে স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনিকে প্রধান করে একটি কোর কমিটি গঠন করেছে সরকার। আজ রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম সাংবাদিকদের এ তথ্য জানান।
ঘটনাগুলো নাশকতামূলক কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। এই কমিটি আগামী ৫ নভেম্বর আবার বৈঠক বসবে। এর আগে প্রতিবেদন পাওয়া যাবে।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটে। এর মধ্যে ১৪ অক্টোবর রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায়, ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেডের একটি পোশাক কারখানায় এবং সবশেষ গতকাল শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগল। এসব ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কি না—তা খতিয়ে দেখার বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।