বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাঙ্গামাটি শহরের রূপনগর বসবাসরত পরিবার পুনর্বাসনের দাবীতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ণ | আপডেট: ২৩ ঘন্টা আগে

নিজস্বপ্রতিনিধি:-  রাঙ্গামাটি শহরের রূপনগর এলাকায় বসবাসরত শতাধিক পরিবারের পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রচেষ্টার প্রতিবাদে এবং স্থায়ী সমাধানের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় রূপনগর এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্বেগ, ক্ষোভ ও দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রূপনগর এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ কয়েক দশক ধরে তারা ওই এলাকায় বসবাস করে আসছেন। এই এলাকা শুধু তাদের বসবাসের স্থান নয়, বরং পূর্বপুরুষের স্মৃতি ও জীবিকা নির্বাহের প্রধান কেন্দ্র। তবে সম্প্রতি কোনো কার্যকর পুনর্বাসন পরিকল্পনা ছাড়াই উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তাদের জীবনে চরম অনিশ্চয়তা তৈরি করেছে।

বক্তারা বলেন, হঠাৎ উচ্ছেদ কার্যক্রম শুরু হলে শত শত নারী, শিশু ও বৃদ্ধ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে এবং শ্রমজীবী মানুষের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া পুনর্বাসন ছাড়া উচ্ছেদ সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী বলেও তারা উল্লেখ করেন। সংবাদ সম্মেলন থেকে এলাকাবাসী কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম বন্ধ রাখা, প্রতিটি পরিবারকে সম্মানজনক পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করা, দীর্ঘদিন বসবাসকারীদের জন্য স্থায়ী লিজ বা আইনি বন্দোবস্ত প্রদান এবং প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে মানবিক সমাধানে পৌঁছানো। বক্তারা আরও বলেন, তারা উন্নয়নের বিরোধী নন, তবে উন্নয়নের নামে সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করা গ্রহণযোগ্য নয়। তারা শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেন এবং প্রয়োজন হলে রাজপথে নামারও হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে রূপনগর এলাকাবাসীর পক্ষে হাবিবুর রহমান হবি ও আব্দুল হালিম বক্তব্য দেন।

চম্পক নগর থেকে রুপনগরে ভুমি দখল সত্ব ক্রয় সুত্রে বসবাসকারী মালেক কামরুল,হোসেন  ও ইসমাইল জানায়,আমরা ক্রয় সুত্রে মালিক আমাদের পুর্ণবাসন ‍নিশ্চিত ও স্থায়ী সমাদানের দাবী জানাচ্ছি।

এছাড়া  রুপনগর সচেতন সমাজ কমিটির হাবিবুর রহমান পক্ষে মো. তাজুল ইসলাম তাজ, রুশন আরা, আব্দুল হালিম, আলমগীর হোসেন,কামরুল ও আব্সদুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসীর একটি প্রতিনিধিদল রাঙ্গামাটি জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক নাজমা আশরাফী তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...