শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

আফ্রিকার বিপক্ষে হার দিয়ে শুরু করল বাংলাদেশ।

  • প্রকাশিত: ৬ মে ২০২৫, ১:১৬ অপরাহ্ণ | আপডেট: ১২ মাস আগে

নারী ওয়ানডে ইমার্জিং সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে শুরু করল বাংলাদেশ। আজ মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে বাংলাদেশের মেয়েরা সবকটি উইকেট হারিয়ে ১৭৯ রান করে। জবাবে ৪৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় প্রোটিয়ারা।

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে খেই হারিয়ে ফেলে বাংলাদেশের মেয়েরা। দলীয় ১৮ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে সাথী রানী বর্মনকে কট অ্যান্ড বোল্ড করেন দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ডেলমারি টাকার।

উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ অধিনায়ক শারমিন সুলতানা। দ্বিতীয় উইকেটে ইশমা তানজিম ও শারমিন গড়েন ৪৪ রানের জুটি। ১৫তম ওভারের প্রথম বলে তানজিমকে ফিরিয়ে জুটি ভাঙেন লিয়া জোনস। এরপরই শুরু হয় বাংলাদেশের ধস। ৩১ রানে শেষ ৬ উইকেট হারানোর পর সুমাইয়া আক্তারের হাফ সেঞ্চুরিতে কোনোরকমে ১৭৯ রান করে বাংলাদেশের মেয়েরা। সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন সুমাইয়া। এছাড়া ইশমার ব্যাট থেকে আসে ২৯, শারমিন সুলতানা খেলেন ৩৪ রানের ইনিংস।

প্রোটিয়াদের টাকার ৯ ওভারে ৩২ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন গান্দি পাপামা লুমেলা জাফতা ও লুয়েন্দা এলিলে এনজুজা। জোনস, আলেক্সান্দ্রা ক্লেয়ার ক্যান্ডলার ও জিন্তলে লান্দেলা আফিউই কুলা নিয়েছেন একটি করে উইকেট।

এরপর ১৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে ফারিয়া তৃষ্ণার ডেলিভারিতে দ্রুত বিদায় নেন ননকুলোলেখো পেসফুল (০) ও গান্দি পাপামা লুমেলা জাফতা (০)। এরপর দলীয় ২৪ রানে মেঘলার ঘূর্ণিতে সাজঘরে ফেরেন আলেক্সান্দ্রা ক্লেয়ার ক্যান্ডলার (১০)। ২৪ রানে তিন উইকেট হারানোর পর অবশ্য প্রতিরোধ গড়ে প্রোটিয়া মেয়েরা। দুটি উইকেট হারালেও ফায়া টুনিফক্লিফের অপরাজিত ৮৯ ও এলিজ মারি মার্কসের অপরাজিত ৫০ রানের ওপর ভর করে প্রোটিয়ারা ৪৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যটা ছুঁয়ে ফেলে।

বাংলাদেশের বোলারদের মধ্যে ফারিয়া ও স্বর্ণা আক্তার দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট নেন মেঘলা।

একই ভেন্যুতে সিরিজের পরের দুই ওয়ানডে ৮ ও ১১ মে। ওয়ানডে সিরিজ শেষ করে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো অনুষ্ঠিত হবে কক্সবাজারের ক্রিকেট একাডেমি মাঠে ১৪, ১৬ ও ১৮ মে। খেলা শুরু দুপুর দেড়টায়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...