লিবিয়া থেকে আটকে পড়া আরো দেড় শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।
এদিন সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে (ইউজেড ০২২২) দেশে ফিরে আসেন দেড় শতাধিক বাংলাদেশি। পৌঁছানোর পর ফিরে আসা অভিবাসীদের বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা স্বাগত জানান।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফিরে আসা অভিবাসীদের অবৈধ অভিবাসন, বিশেষ করে লিবিয়া হয়ে ইউরোপে বিপজ্জনক যাত্রা সম্পর্কে তাদের কমিউনিটির মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আইওএম প্রত্যেককে নগদ ৬ হাজার টাকা অর্থ অনুদান, খাদ্য সরবরাহ, চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনে সাময়িক বাসস্থানের ব্যবস্থা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে বাংলাদেশ মিশন এবং আইওএম লিবিয়া জুড়ে বিভিন্ন আটক কেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।