মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

তিন দিনের সফরে রাষ্ট্রপতি সাজেক আসবেন 

  • প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৪, ৬:০৪ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

 

নিজস্ব প্রতিনিধি :আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন অবকাশ যাপনে রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সফরে আসবেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। মেঘ পাহাড়ের উপত্যকা সাজেক ভ্যালি আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙামাটির বাঘাইছড়িতে অবস্থিত।

রাঙামাটি জেলাপ্রশাসক বরাবরে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১০-১২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখ পর্যন্ত রাঙ্গামাটি জেলার সাজেক সফর করবেন।

এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীগণের গমনাগমনের প্রশাসনিক, আবাসন ব্যবস্থা ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. শামীম হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত বছরের ২০-২২ ডিসেম্বর পর্যন্ত তিন দিন রাষ্ট্রপতির সাজেক সফরের সিডিউল থাকলেও পরে ‘অনিবার্য কারণবশত’ সফরটি স্থগিত করা হয়।ওই সফরকে কেন্দ্র করে ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন সাজেকের সব কটেজ-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নেয় সাজেক কটেজ মালিক সমিতি। তবে আগামী ১০-১২ ফেব্রুয়ারির সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি সাজেক কটেজ মালিক সমিতি।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...