মঞ্জুরুল ইসলাম লংগদু প্রতিনিধিঃ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ঘোষিত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য, প্রশ্ন জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যের গুরুতর অভিযোগ তুলে আজ সোমবার সকাল থেকে জেলা পরিষদ কার্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক মহল।
আন্দোলনকারীরা আজ সকাল ১০টা ৩০ মিনিটের দিকে জেলা পরিষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান গ্রহণ করেন এবং সেখানে বিক্ষোভ সমাবেশ করেন। তাদের এই কর্মসূচিতে জেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন (৯৩% মেধা ও ৭% কোটা) উপেক্ষা করে নিজস্ব আইন বলে ৭০ শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি কোটা মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে, যা চরম বৈষম্যমূলক। বিক্ষোভ সমাবেশে কোটা বিরোধী ঐক্যজোটের নেতারা তাঁদের ছয় দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন যে, যদি তাঁদের দাবি মেনে মেধার মূল্যায়ন নিশ্চিত করা না হয়, তবে তাঁরা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এর আগে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) একই দাবিতে কোটা বিরোধী ঐক্যজোট ৩৬ ঘণ্টার হরতাল পালন করেছিল। সেসময় শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা আসার পর ছয় দফা দাবি জানিয়ে হরতাল প্রত্যাহার করা হয়। তবে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটেনি।
জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার গত শনিবার এক বৈঠকে জানান, নিয়োগ পদ্ধতি জেলা পরিষদের নিজস্ব আইন অনুযায়ী হবে, নাকি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী—এই বিষয়ে স্পষ্টতা চেয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে। অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লিখিত পরীক্ষা স্থগিত ও পুনঃ-নির্ধারণসহ নিয়োগ প্রক্রিয়ার সিদ্ধান্তগুলো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এককভাবে নিয়েছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। এই মুহূর্তে জেলা পরিষদে বিক্ষোভ চলছে এবং নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।