শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিদর্শন    রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, অবরোধ-পরিবহন ধর্মঘট বলবৎ

  • প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

 

নিজস্ব প্রতিনিধি:-

পার্বত্য জেলা রাঙামাটিতে শুক্রবার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি প্রত্যাহারের কথা এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা প্রশাসন।

রাঙামাটি জেলাপ্রশাসক মোহামম্মদ মোশারফ হোসেন খানের সই করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাঙামাটি পার্বত্য জেলার পৌরসভা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারি করা হয়। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় রোববার বেলা ১১টা থেকে থেকে রাঙামাটি পৌরসভা এলাকায় জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাগার করলাম।

জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হলেও রাঙামাটিতে পরিবহন মালিকদের পরিবহন ধর্মঘট ও আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের সমর্থনে ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ বলবৎ আছে। এতে আজ রোববারও রাঙামাটি শহরে অভ্যন্তরীণ একমাত্র যানবাহন সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে না। বন্ধ আছে দূরপাল্লার যানবাহন ও কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল।

এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি জেলা শহরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকায়, দোকানপাট, ঘরবাড়ি, মসজিদ, বিহার পরিদর্শন করেছে প্রশাসন। এসময় রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন কমান্ডার এরশাদ হোসেন চৌধুরী পিএসসি,এসিএইচই  ও কোতয়ালী থানা  ওসি মো: আলী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শহরে সাম্প্রদায়িক সহিংসতার পর শুক্রবার দুপুর থেকে রাঙামাটি শহরে মানুষের উপস্থিতি কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ খুব একটা বের হননি। শনিবারের তুলনায় রোববার সকাল থেকে শহরের বনরূপা বাজার বিভিন্ন এলাকায় মানুষের উপস্থিতি কিছুটা বেড়েছে। কিছু দোকানপাটও খুলছে।

এর আগে, শুক্রবার দুপুর ১টা থেকে রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি করেছিল জেলা প্রশাসন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...