নিজস্ব প্রতিনিধি। টানা ভারি বৃষ্টিতে রাঙামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়েছে। পরে রাঙামাটি সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে মাটি সরিয়ে ১ ঘন্টার পর যানচলাচল স্বাভাবিক করেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে রাঙামাটি- চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ঘাগড়া কলাবাগান এলাকায় পাহাড় ধসে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ (সওজ) রাঙামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। অন্যদিকে, রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক পানিতে ডুবে গিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের কুতুকছড়ি এলাকায় সড়ক পানি ডুবে রাঙামাটির সঙ্গে সব ধরণের যানচলাচল বন্ধ রয়েছে। সওজ রাঙামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, বৃহস্পতিবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের কলাবাগান এলাকার পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে আমাদের সড়ক বিভাগের লোকজন গিয়ে সড়ক থেকে মাটি সরিয়ে এক ঘন্টার পরে যান চলাচল স্বাভাবিক করেছে। অন্যদিকে রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক পানিতে ডুবে গিয়ে রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির জেলার যানচলাচল সকাল থেকে বন্ধ রয়েছে।