বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাঙ্গামাটি জেলা পরিষদ পুনর্গঠন: হাইকোর্টের রুল ও সদস্যদের নিষেধাজ্ঞা

  • প্রকাশিত: ৯ মার্চ ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদক:-   রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রতিটি উপজেলা থেকে সদস্য না নিয়ে জেলা পরিষদ পুনর্গঠন করা সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক নয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠনের প্রজ্ঞাপন (২৯.০০.০০০০.০০০.২১৪.১৮.০০২২.২৪.১১৯, তারিখ: ০৭ নভেম্বর ২০২৪) কেন অবৈধ ঘোষণা করা হবে না—এই মর্মে রুল জারি করেছে মহামান্য হাইকোর্ট।

একই সঙ্গে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রণতী রঞ্জন খীসা ও রাঙাবী তংচংগাকে তাঁদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ দেওয়া হয়েছে।

গতকাল রোববার (০৯ মার্চ) মহামান্য হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, রাঙ্গামাটি পার্বত্য জেলার দশটি উপজেলা থেকে প্রতিনিধি না নিয়ে এক সম্প্রদায় থেকে সদস্য নেওয়া, অন্য সম্প্রদায়কে বঞ্চিত করা, হত্যা মামলার আসামিকে সদস্য করা এবং একই পরিবারের একাধিক সদস্যকে নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

এর প্রতিবাদে রাঙ্গামাটির জুরাছড়ি, বরকল, কাউখালী ও রাজস্থলী উপজেলার জনসাধারণ মিছিল, সভা ও স্মারকলিপি পেশ করে তাঁদের দাবি জানিয়ে আসছিল। পরবর্তীতে এ চার উপজেলার বাসীর পক্ষ থেকে অ্যাডভোকেট রাজীব চাকমা, জসিম উদ্দিন, পুলিন বিহারী চাকমা ও উথান মারমা মহামান্য হাইকোর্টে রিট করলে গতকাল রোববার মহামান্য হাইকোর্ট এ আদেশ প্রদান করে।

রিটকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের আইনজীবী মো. সুলতান উদ্দিন, নিবোলাস চাকমা ও রতন কুমার।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...