চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকদের পদযাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টা নাগাদ পদযাত্রাটি রাজধানীর প্রেসক্লাব থেকে হাইকোর্ট মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে।
আন্দোলনকারীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারক লিপি দেওয়ার ঘোষণাও দেন তারা।
জাতীয়করণ ছাড়া অন্যান্য দাবির মাঝে রয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা; রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোড বিহীন মাদরাসাগুলো মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ: স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার আলাদা নীতিমালা প্রণয়ন করা; পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন করা; প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া; প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি অনুমোদনের ব্যবস্থা নেওয়া।
ঘটনায় পুলিশের হামলায় ১০ থেকে ১২ জন আহত হয়েছে। আহতদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।